৫ আগস্ট ২০১৫ - ১৪:৩১
এবার বরগুনায় নির্যাতনে শিশু হত্যা, আটক ২

সিলেটে শিশু রাজন এবং খুলনার রাকিব হত্যার পর এবার বরগুনার তালতলীতে ১১ বছরের রবিউল আউয়াল নামের এক শিশুকে মাছ চুরির অভিযোগে চোখ উপড়িয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

আবনা : ডেস্ক : সিলেটে শিশু রাজন এবং খুলনার রাকিব হত্যার পর এবার বরগুনার তালতলীতে ১১ বছরের রবিউল আউয়াল নামের এক শিশুকে মাছ চুরির অভিযোগে চোখ উপড়িয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে রবিউলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ওই এলাকার ফরাজী বাড়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শে্িরণর ছাত্র। তার বাবার নাম মোঃ দুলাল মৃধা।
রবিউলের পরিবার জানান, সোমবার রাত ৮টার দিকে ঘর থেকে সে বের হয়ে যায়। এরপর আর ঘরে ফিরে আসেনি। মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ফরাজীর মাছের ঘেরে রবিউলের লাশ পড়ে থাকতে দেখা যায়। তার বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে এবং থুতনির নীচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রবিউলের পরিবার আরও অভিযোগ করেন, একই এলাকার দেলোয়ারের ছেলে মিরাজ (২৮) জাল পেতে নিয়মিত মাছ শিকার করে। ঘটনার ক’দিন আগে মিরাজের অভিযোগ রবিউল ওই জাল থেকে মাছ চুরি করেছে। এ নিয়ে মিরাজ ২/৩ দিন আগে রবিউলের বাড়ীতে এসে হত্যার হুমকি দিয়েছিল এবং ঘটনার দিন রাতেও মিরাজ রবিউলকে খোজাখুঁজি করেছে। রবিউলের লাশ পাওয়ার পর অভিযুক্ত মিরাজ আত্মগোপনের চেষ্টা করে। বুধবার দুপুরে রবিউলের বাবা দুলাল মৃধা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিরাজ ও তার বাবা দেলোয়ারকে আটক করে।
এদিকে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য বেলা ১টা ৫০ মিনিটে বরগুনা জেলার পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থলে যান।